বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

স্বাস্থ্য

দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল ডা. আঁচল রায়ের

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দায়িত্ব নেওয়ার কথা ছিল পরদিন। তবে সেই দায়িত্ব আর পালন করা হলো না। দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩০ বছর বয়সী এই চিকিৎসককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ডা. আঁচল রায় ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারেক জানান, অসুস্থ হওয়ার আগের দিনও হাসপাতালে দায়িত্ব পালন করেছেন আঁচল। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পর পরদিন তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথম চার দিন বাসায় চিকিৎসা নিচ্ছিলেন আঁচল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পঞ্চম দিনে রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বামী চিকিৎসক বিপ্লব চন্দ্র দাস জানান, হাসপাতালে প্রথমে তাকে এইচডিইউতে এবং পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডা. আঁচল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নোয়াখালী মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আঁচল এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষা এবং যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার পার্ট-ওয়ান পাস করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আঁচল ঢাকায় বেড়ে ওঠেন এবং ১৭ মাস আগে চিকিৎসক বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল ডা. আঁচল রায়ের