বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আইন ও বিচার

সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে টাস্কফোর্সের প্রতিবেদনে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বরাতে এ তথ্যসংবলিত প্রতিবেদন মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইকোর্টে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।তদন্ত ও তথ্য যাচাই-বাছাইয়ের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রপক্ষ তাদের কাছে হালনাগাদ তথ্য রয়েছে জানিয়ে সময় চেয়েছে।আদালতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং একজন প্রসিকিউটরের বরাত দিয়ে তদন্তে অগ্রগতির কথা জানিয়েছে। এ সময় কিছু সিডি পাওয়ার পাশাপাশি দুজন ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।তিনি বলেন, মোট ৩০০টি সিডির মধ্যে ৯০টি যাচাই-বাছাই করা হয়েছে। বাকি ২১০টি সিডি পর্যালোচনা করতে রাষ্ট্রপক্ষ সময় চেয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে ছয় মাস সময় দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল ২০২৭ পরবর্তী আদেশের জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।শিশির মনির আরও বলেন, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো, টাস্কফোর্সের প্রধান এবং সিডিগুলোর তত্ত্বাবধানের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্যরা নির্ধারিত দিনে আদালতে উপস্থিত থাকবেন। সিডিগুলো পর্যালোচনা করে কী অগ্রগতি হয়েছে, তা তাঁরা অগ্রগতি প্রতিবেদন আকারে আদালতকে জানাবেন।এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।পরে টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল তিন দফায় রাষ্ট্রপক্ষের আবেদনে আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। তার ধারাবাহিকতায় রিট আবেদনটি আবার কার্যতালিকায় ওঠে।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত করেন শেরেবাংলা নগর থানার এক কর্মকর্তা। একই বছরের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)। সেই থেকে আজ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।এদিকে, এ মামলায় বাদীপক্ষে আইনি লড়াইয়ের জন্য ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়।২০১২ সালে হত্যাকাণ্ডের পর তদন্ত ও আসামি গ্রেপ্তার নিয়ে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সেই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি জারি করা রুলে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।আইনজীবী মনজিল মোরসেদ জানান, সাগর-রুনি মামলার তদন্ত সঠিকভাবে করা এবং আসামিদের আইনের আওতায় আনার জন্য ২০১২ সালে তারা একটি রিট দায়ের করেছিলেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। রুলে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। এরপর তাদের পৃথক একটি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত র‍্যাবের কাছে চলে যায়।

সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য