উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
অভিযানে ইটভাটা দুটিতে পরিবেশগত ছাড়পত্র না থাকা, ইটের নির্ধারিত মাপ অনুসরণ না করা এবং মাটি সংগ্রহের অনুমোদনের অভাবসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই এবং সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে।