উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান শ্রমিক আন্দোলনের জেরে সৃষ্ট অস্থিরতার আশঙ্কায় দেশের ১৪৭টি পোশাক কারখানা সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিজিএমইএ ও বিকেএমইএ-র যৌথ আয়োজনে উত্তরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া শ্রমিক বিক্ষোভের মুখে আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।
শ্রমিকরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা মালিকরা ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজিএমইএ সভাপতি। এই ধারা কার্যকর হলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না, অর্থাৎ 'কাজ নেই তো মজুরিও নেই' নীতি অনুসরণ করা হবে।
আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। মালিকপক্ষ মনে করছে, অরাজকতা সৃষ্টির মাধ্যমে অযৌক্তিক মজুরি ঘোষণার চাপ প্রয়োগের অপচেষ্টা চলছে।