উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য থেকে তেল তৈরির কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। এই কারখানার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া বর্জ্য ও নির্গত তরল পদার্থের কারণে মাটি ও পানি দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাছের আঁশ ও বর্জ্য থেকে উৎপাদিত এই তেল বাজারে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে কারখানার মালিক খলিলুর রহমান স্বীকার করেছেন যে, তিনি এখনো পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র সংগ্রহ করেননি। পরবর্তীতে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।
কারখানাটির বর্জ্য ব্যবস্থাপনা ও উৎপাদিত তেলের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।