উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এই সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় বিটিএমএ-এর প্রতিনিধিরা ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার পক্ষে তাদের স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তাদের মতে, স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা, বিনিয়োগ এবং কর্মসংস্থান সুরক্ষায় এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দেয় সংগঠনটি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিসংক্রান্ত বিধানটি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। ফলে আদালতের রায় না হওয়া পর্যন্ত এই বিষয়ে নতুন কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। তবে ব্যবসার পরিবেশ সহজ করতে বিটিএমএ-এর অন্যান্য প্রস্তাবগুলো সার্বিক দিক পর্যালোচনা করে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।