উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের কাছে বাসা নেন দৈনিক ২০০ টাকা ভাড়ায়। খাবার খরচ তো আছেই। একদিন হাসপাতালের দেয়ালে সাঁটানো কাগজে একটি ঠিকানা চোখে পড়ে রূপা রানীর। ঠিকানাটি হলো বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’।
দুই বছর ধরে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ঢাকায় এসে আলোক নিবাসেই ওঠেন এই মা-বাবা। থাকা-খاوয়ার কোনো খরচ দিতে হয় না। মেয়ের ওষুধ ঠিকমতো খাওয়ানো হচ্ছে কি না তার তদারকিও করেন নিবাসের নার্স। কাউন্সেলিং সেবাও পাচ্ছেন। নিবাস থেকে ক্যানসার ইনস্টিটিউটে যাতায়াতে আছে অ্যাম্বুলেন্স সেবা। সব সেবাই পাওয়া যাচ্ছে বিনা মূল্যে। ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে। ৮ নভেম্বর বিকেলে ছয়তলা ভবনের এ নিবাসে কথা হলো রূপা রানীর সঙ্গে। শ্রদ্ধার মেজাজটা একটু খারাপ। তাই মায়ের কোল থেকে নামবে না, কথাও বলবে না। মাথায় কয়েকটি ক্লিপ লাগিয়ে সাজিয়ে দিয়েছেন মা।
রূপা রানী বললেন, শ্রদ্ধার বাবা একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন, তাঁরা যশোরে থাকেন। সেখানে বাচ্চাদের ব্লাড ক্যানসারের চিকিৎসা নেই বললেই চলে। তাঁর মেয়ের থ্যালাসেমিয়া হয়েছে বলে জানিয়েছিলেন স্থানীয় একজন চিকিৎসক। পরে ঢাকায় এসে জানা যায়, ক্যানসার। তিনি জানান, চিকিৎসার খরচ অনেক। এই নিবাসের খোঁজ না পেলে ঢাকায় থাকা-খাওয়াসহ মেয়ের চিকিৎসা করানো তাঁদের পক্ষে সম্ভব ছিল না। স্বামী সব সময় ঢাকায় আসতে না পারলেও সমস্যা হয় না। নিবাস থেকে সব ব্যবস্থা করা হয়।
নিবাসের রোগী সমন্বয়কারী রেবেকা আক্তার শুরু থেকে অর্থাৎ ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি বললেন, এই শ্রদ্ধা তো আমাদের চোখের সামনেই বড় হচ্ছে। তবে এখানে থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকে মারাও গেছে, যা ভাবলেই মন খারাপ হয়। বাংলাদেশ ক্যানসার এইড Trust-এর (ব্যানক্যাট) একটি উদ্যোগ হলো এই নিবাস। বসুন্ধরা আবাসিক এলাকাতেই আরেকটি দোতলা নিবাসসহ দুই নিবাসে ৮৫ জন ক্যানসার রোগী ও পরিচর্যাকারী এসব সুবিধা পাচ্ছেন।
পোশাকশিল্প কারখানার মালিক ব্যবসায়ী নাজমুস আহমেদ আলবাব ব্যানক্যাটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ৪৫ বছর বয়সে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেন। এক বছরের মধ্যে ভালো হয়ে দেশে ফেরেন। তবে ক্যানসার তাঁকে আমূল পাল্টে দেয়। ভাবতে থাকেন, দরিদ্র মানুষ কীভাবে ক্যানসারের চিকিৎসা পান। সরকারি হাসপাতালগুলোতে ঢুঁ দিতে থাকেন। ব্যবসায় ইতি টানেন। ক্যানসার রোগীদের জন্য তহবিল বা অনুদান সংগ্রহ করা শুরু করেন।