উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় পাঠ্যপুস্তক মুদ্রণ, ওষুধ ও কম্বল কেনা এবং সড়ক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়।
সভায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তথ্য যাচাই ও সংশোধনের জন্য ৩৬১ কোটি ৯৭ লাখ টাকার পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ইউএনডিপি বাংলাদেশ। এছাড়া মাদারীপুর জেলায় ৩২৬ কোটি টাকা ব্যয়ে ৪০টি স্কুল-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।
২০২৬ শিক্ষাবর্ষের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২টি পাঠ্যবই মুদ্রণ করা হবে। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২১০ কোটি ৭৯ লাখ টাকা। পাশাপাশি ৯৬ কোটি ৫৫ লাখ টাকায় জন্মনিয়ন্ত্রণ বড়ি এবং ১০ কোটি ৫৪ লাখ টাকার কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অবকাঠামো খাতে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়নে ২৬৬ কোটি ১৫ লাখ টাকা এবং চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে অতিরিক্ত ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে ব্যয় হবে প্রায় ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা।