উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো এবং আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, স্টেডিয়ামের গ্রিন গ্যালারি, ফ্লাডলাইট, ড্রেসিংরুম ও গ্র্যান্ড স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সংস্কার করা হবে।
স্টেডিয়ামের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে হসপিটালিটি বক্স নির্মাণ, মাঠের সংস্কার এবং স্টেডিয়ামে প্রবেশের সড়কের সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সিলেটের কাউন্সিলর আশরাফ আরমান এবং মৌলভীবাজারের কাউন্সিলর মনোয়ার এম আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।
বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী স্টেডিয়ামটির উন্নয়নে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি জানান, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সিলেটের মর্যাদা বৃদ্ধি করে। তাই স্টেডিয়ামের যেকোনো টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে তিনি সিলেটবাসীকে মাঠে আসার আহ্বান জানান।