উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩ জন এবং বিভিন্ন মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে জেলাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, যাচাই-বাছাই শেষে আটক ৩৫ কিশোরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।