উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের সত্যতা পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে এই অনিয়ম ধরা পড়ে।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালিবাগের চৌধুরীপাড়ার মালিবাগ অটো সার্ভিস, টিকাটুলীর হাই অ্যান্ড কোম্পানি এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনে এই কারচুপি পাওয়া গেছে। এর মধ্যে মালিবাগ অটো সার্ভিসের একটি ডিজেল ইউনিট, হাই অ্যান্ড কোম্পানির একটি অকটেন ইউনিট এবং কিকো পেট্রোলিয়ামের দুটি অকটেন ইউনিটে পরিমাপের চেয়ে কম তেল দেওয়া হচ্ছিল।
বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরীক্ষক মিলন হোসেন উপস্থিত ছিলেন।
ভোক্তাস্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোর পরিমাপযন্ত্র নিয়মিত যাচাই করা হচ্ছে।