উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ। রক্ষণভাগ ও আক্রমণভাগে এই পরিবর্তন আনা হয়েছে।
একাদশে সবচেয়ে বড় চমক মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ দায়িত্ব দিলে অধিনায়কত্ব নিতে প্রস্তুত আছেন তিনি।
তবে অধিনায়কের বাহুবন্ধনী পরার চেয়ে ড্রেসিংরুমে সবার মধ্যে ঐক্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখাকেই বেশি গুরুত্ব দেন হামজা। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কাড়া পারফরম্যান্স করা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে সুযোগ পেয়েছেন।
অন্যদিকে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।