উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ ঘোষণা দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সভায় সরকারের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান জানান, বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকায় আপাতত নতুন কোনো পরিবর্তনের সুযোগ নেই। সভায় বিটিএমএ-এর পক্ষ থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার ওপর জোর দেওয়া হয়, যা স্থানীয় শিল্পের সুরক্ষায় সহায়ক হবে বলে তারা মনে করেন।
সভায় ব্যবসা সহজ করতে রফতানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধি এবং ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও উত্থাপন করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারাধীন বিষয়টি ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।