উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাৎসিরা যেভাবে জার্মানিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।
সাম্প্রতিক অস্থিতিশীলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী উসকানি দিচ্ছেন এবং ঢাকায় ভিনদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় রাইট অব প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার অনুযায়ী যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করা হচ্ছে। পতিত সরকারের পলাতক মন্ত্রী ও এমপিদের এতে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।