উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন করতে হবে।
দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে জিডিপিতে এই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম, যা ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে এসএমই ফাউন্ডেশনকে পুনর্গঠন করা হচ্ছে। এই খাতে ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডসসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়াতেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।