উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় ভারতীয় পণ্য চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর রাতে এসআরবি-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল দক্ষিণ মেদিনিমন্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশিকালে পদ্মাসেতু পার হয়ে আসা দুটি কাভার্ড ভ্যান থেকে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং একই জেলার কলারোয়া এলাকার নাজমুল হোসেন (৩২)। তারা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল বলে জানায়।
জব্দকৃত ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।