উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার সকালে সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ পালিত হয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আইডিইবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রশাসক আরও বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ প্রকৌশলী তৈরি করতে পারলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালি ও সমাবেশে সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।