উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢোলবাদন ও রঙিন বেলুন উড়িয়ে সোমবার বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে শুরু হয় ভাটিবাংলার লোকসংগীত উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে এই উৎসবে লোকগান ও নৃত্যের ছন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাউল গান ও ভাটিয়ালি-ভাওয়াইয়া না বাঁচলে বাংলা সংস্কৃতি টিকে থাকবে না। যারা লোকসংগীতের ওপর আঘাত হানে, তাদের প্রতিহত করার আহ্বান জানান তারা। উৎসবটি প্রয়াত অরিজিৎ চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বাউল শিল্পী মো. হারুণ মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও বিশেষ অতিথি সংগীত পরিচালক শেখ সাদি খান লোকসংগীতের গুরুত্ব তুলে ধরেন।
উৎসবের দ্বিতীয় পর্বে সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত ও হাসন রাজাসহ কালজয়ী সাধকদের গান পরিবেশিত হয়। অণিক বসুর পরিচালনায় স্পন্দনের শিল্পীদের নৃত্য এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকসংগীতের মূর্ছনায় মুখরিত হয় জাতীয় নাট্যশালা মিলনায়তন।