উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার বিদেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি দিয়ে অনেকে প্রতারণার শিকার হয়ে সে দেশের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছেন। গত তিন বছরে যুদ্ধে ৫৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
রেহানা আক্তার আরও জানান, যুদ্ধের ময়দানে নিহতদের মরদেহ এখনো পরিবারের কাছে পৌঁছায়নি, যা পরিবারগুলোর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানব পাচারকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ফাঁদ পাতছে উল্লেখ করে তিনি এই পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়গুলোর সমন্বিত পদক্ষেপ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানান।
এদিকে রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য নিলুফার চৌধুরী। তিনি জানান, লেকের পানি দূষিত হওয়ায় জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশনা উপেক্ষা করায় কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সরকারি হাসপাতালের সেবার মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়ন ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।