উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক থাকায় নতুন করে পরিচয়পত্র নেওয়ার কোনো সুযোগ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একবার এনআইডি নিবন্ধিত হলে আইন অনুযায়ী দ্বিতীয়বার নতুন করে পরিচয়পত্র নেওয়ার সুযোগ নেই। এর পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থার কারণেও একই ব্যক্তির নামে একাধিক এনআইডি তৈরি করা প্রায় অসম্ভব।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর মধ্যে গত বছরের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করে দেয় নির্বাচন কমিশন। ফলে এসব এনআইডি ব্যবহার করে বর্তমানে কোনো নাগরিক সেবা পাওয়ার সুযোগ নেই।
ইসি কর্মকর্তারা বলছেন, কারও এনআইডি একবার তৈরি হলে সেটি ব্লক বা লক অবস্থায় থাকলেও নতুন করে আরেকটি এনআইডির জন্য আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে আইনি ও কারিগরি—দুই ধরনের বাধা রয়েছে।
জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন নাগরিক একবার এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে নিবন্ধনের সুযোগ নেই। একই ব্যক্তির একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়া দণ্ডনীয় অপরাধ। অতীতে এ ধরনের ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। আবার কেউ কেউ সরল বিশ্বাসে একাধিক এনআইডির আবেদন করার কথা স্বীকার করে একটি পরিচয়পত্র বাতিল করেছেন। সাধারণত প্রথম এনআইডি বহাল রেখে পরবর্তীটি বাতিল করা হয়।
অন্যদিকে, প্রযুক্তিগতভাবেও একাধিকবার নিবন্ধন করা কঠিন। নতুন করে ভোটার হওয়ার আবেদন করলে আবেদনকারীর আঙুলের ছাপ আগে থেকেই সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধিত থাকলে তা সহজেই শনাক্ত হয় এবং পরবর্তী আবেদন প্রক্রিয়াকরণ করা হয় না। অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুল ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। বিষয়টি নজরে আসার পর এ ধরনের জালিয়াতি ঠেকাতে যাচাইপ্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।
লক করা হয় শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি
সূত্র জানায়, গত বছরের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেন এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন। এ-সংক্রান্ত নথিতে তিনি উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হয়েছে।
তালিকায় রয়েছেন—রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
এ বিষয়ে এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক করা হলে সেই কার্ড আর ব্যবহার করা যায় না। মিথ্যা তথ্য দিয়ে কেউ ভোটার হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার এনআইডি লক রাখা হয়। এ ছাড়া অনেক সময় ভিআইপি ব্যক্তিদের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে এর অপব্যবহার না ঘটে। সংশ্লিষ্টদের অনুরোধে পরে আবার আনলকও করা হয়।
এনআইডি লক মানেই তথ্য ভুয়া নয়
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, কারও এনআইডি লক থাকার অর্থ এই নয় যে তার পরিচয় বা তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। দুর্নীতি বা অন্যান্য অভিযোগের তদন্তসহ বিভিন্ন সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতেও এনআইডি লক করা হয়ে থাকে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার এনআইডি ভুল তথ্যের কারণে লক করা হয়নি। তার পরিচয়পত্রের তথ্য সঠিক রয়েছে, তবে সেটি বর্তমানে লক অবস্থায় আছে। ফলে ওই এনআইডি ব্যবহার করে তিনি কোনো নাগরিক সুবিধা নিতে পারবেন না। তবে এনআইডি আনলক করার আবেদন করলে এবং তা অনুমোদিত হলে একই পরিচয়পত্র ব্যবহার করেই প্রয়োজনীয় নাগরিক সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। নতুন করে এনআইডি নেওয়ার প্রয়োজন বা সুযোগ কোনোটিই নেই।
এ বিষয়ে ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তিনি কোথায় বা কী আবেদন করেছেন, সেটিও তার জানা নেই। তবে সাধারণভাবে কোনো ব্যক্তির এনআইডি ব্লক করা হলে নতুন করে আরেকটি এনআইডি পাওয়ার সুযোগ থাকে না। কারণ, ওই ব্যক্তির পরিচয়পত্র আগে থেকেই রয়েছে, সেটি শুধু লক অবস্থায় আছে।
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বিতর্ক
এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন—গত সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়।
সাইদুর রহমান বলেন, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। ফলে এটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।
‘সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না বাংলাদেশ’
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায়।
সব মিলিয়ে শেখ হাসিনার নতুন এনআইডি পাওয়ার প্রশ্নে আইনি ও প্রযুক্তিগত বাধা স্পষ্ট। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, বিদ্যমান এনআইডি লক থাকা অবস্থায় নতুন পরিচয়পত্র নেওয়ার সুযোগ নেই। বরং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যমান এনআইডি আনলক করাই হতে পারে নাগরিক সেবা ফিরে পাওয়ার একমাত্র পথ।