উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪নং কালিকচ্ছ ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
এলাকায় মাদকের কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত কালিকচ্ছ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।