উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে আজ বিকেল ৩টায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় তারেক রহমান সরাসরি হেঁটে অংশ নেবেন বলে জানা গেছে।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। তারেক রহমানের এই অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।