উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস বা ভিডিও দেখেই মোটা অঙ্কের আয় করার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ভারতের একটি প্রতিষ্ঠান। রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ এ ব্যতিক্রমী নিয়োগের উদ্যোগ নিয়েছে। দীপাবলি উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তারা এই অদ্ভুত অথচ আকর্ষণীয় চাকরির ঘোষণা দেয়।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এই নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশিবার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চাকরির খবর প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে এবং ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, তারা এমন একজন ‘ডুমস্ক্রোলার’ খুঁজছেন যিনি ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটাতে ভালোবাসেন। নির্বাচিত প্রার্থীর মূল কাজ হবে সারাদিন প্ল্যাটফর্মটিতে রিলস দেখা, কোন ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি জনপ্রিয়তা পাচ্ছে বা ভাইরাল হচ্ছে তা নিখুঁতভাবে শনাক্ত করা।
এই পদে আগ্রহীদের আবেদন করতে হবে ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টের মাধ্যমে এবং বায়োতে দেওয়া গুগল ফরমের লিংকে প্রবেশ করতে হবে। ফরম পূরণের পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপ তা উল্লেখ করতে হবে, আর উদয়পুরের বাসিন্দারা ডিএম-এর মাধ্যমেও লিংক সংগ্রহ করতে পারবেন।