উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা: রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় এবং পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় একই সময়ে এ দুটি ঘটনা ঘটে। এতে পল্লবী থানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। তবে সিআইডি কার্যালয়ের ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মালিবাগে অবস্থিত সিআইডি প্রধান কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করে। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে থাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে গাড়ির আশপাশে থাকা কেউ হতাহত হননি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের পর সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
অন্যদিকে, রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।