উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইব্রাহীম।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ ঘোষ। এরপর জামাল ভূঁইয়ার দূরপাল্লার শটও ভুটানের রক্ষণভাগ আটকে দেয়। ১৮ মিনিটে রাকিবের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যে থাকেনি। ২৫ ও ৩৯ মিনিটেও গোলের সহজ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু একাধিক সুযোগ নষ্ট হওয়ায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় স্বাগতিকরা। ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহীম। মাঠে নামার তিন মিনিট পরই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভুটান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।