উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্বালানি মন্ত্রণালয়ের ২ সেপ্টেম্বর সংসদে দেয়া তথ্যানুযায়ী, সরকারের বৃহত্তর কর্মসূচির আওতায় ১০৪টি নতুন গ্যাস কূপখনন এবং ৪৬টি পুরনো কূপ ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। এর দ্বিতীয় পর্যায়ে বাপেক্সের দায়িত্বে রয়েছে ৫২টি নতুন কূপখনন এবং ১৬টি কূপ ওয়ার্কওভার। কর্মসূচির প্রথম পর্যায়ের মেয়াদ নির্ধারিত রয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে দ্বিতীয় পর্যায়ের ৫২টি নতুন কূপের কোনোটির খননকাজ এখনো সম্পন্ন না হওয়ায় কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে এতগুলো কূপখনন করতে হলে অর্থায়ন, খননযন্ত্র, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে হবে।
দেশের বিদ্যমান অনেক গ্যাসক্ষেত্র দীর্ঘ দিন ধরে উৎপাদনে থাকায় ভূগর্ভস্থ জলাধারের চাপ কমেছে এবং কূপগুলোর উৎপাদনক্ষমতা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন গ্যাস আবিষ্কারের জন্য অনুসন্ধান কূপখনন, আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের বিস্তৃতি নির্ধারণে মূল্যায়ন কূপখনন এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের জন্য উন্নয়ন কূপখনন— এই তিন কার্যক্রমের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এ ছাড়া পুরনো ও উৎপাদনক্ষমতা হারানো কূপে ওয়ার্কওভার, সাইডট্র্যাক এবং কম্প্রেসার স্থাপনের মাধ্যমে অপেক্ষাকৃত কম সময়ে উৎপাদন বাড়ানো সম্ভব। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের আধুনিক খননযন্ত্র, দিকনির্দেশিত খননপ্রযুক্তি এবং দক্ষ জনবলের সক্ষমতা বাড়ানো এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
নতুন গ্যাস আবিষ্কারের পর তা উত্তোলনের উপযোগী করতে প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং জাতীয় গ্রিডে সংযোগের জন্য পাইপলাইন নির্মাণ করতে হবে। গ্যাস অনুসন্ধান ও খনন প্রকল্পের সাথে সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর উন্নয়নকে সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে, অন্যת্র আবিষ্কৃত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে না। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভর এলএনজির ওপর চাপ কমার পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির সুযোগ তৈরি হবে। তবে কেবল নতুন কূপের লক্ষ্যমাত্রা নয়, সাফল্য নির্ভর করবে কতটি কূপে বাণিজ্যিক গ্যাস পাওয়া গেল এবং সেই গ্যাস কত দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ করা গেল তার ওপর।