উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এবং জাতীয় চ্যালেঞ্জগুলোর স্থানীয় সমাধান বের করতে শিল্প, অ্যাকাডেমিয়া ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘শিল্প ও অ্যাকাডেমিয়া সংযোগ: ব্যবসায়িক উদ্ভাবনের দিকে এআই-এর রূপান্তর’ শীর্ষক এই সেশন অনুষ্ঠিত হয়। মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথ সমন্বয়ের কোনো বিকল্প নেই।
যানজট নিরসন, কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধিতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসার যোগসূত্র তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে মানবকল্যাণে প্রয়োগ করাই সরকারের মূল লক্ষ্য। এছাড়া এসএসসি ও এইচএসসিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মেধা পাচার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকার ব্রেন ড্রেইনকে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করতে কাজ করছে এবং প্রবাসে থাকা বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সময়ে বিপুল যুবশক্তিকে উপযোগী নীতি ও প্রণোদনার মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তায় রূপান্তর করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।