উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে সকাল বেলা ১১টায় জেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, আপনারা অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের ভ্রমণের সুযোগ হয়েছে। আমরা যখন একটি স্থানে যায় নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য করেই যাওয়া হয়। সেখানে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে তারপর সেখানে যাওয়া হয়। সেখানকার আবহাওয়া এবং সুন্দর আবাসন ব্যবস্থা আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলায় এর সবকিছুই আছে।
তিনি আরও বলেন, আমাদের চুয়াডাঙ্গা জেলা পর্যটকদের জন্য একটি অপার সম্ভাবনাময় জেলা। আমাদের চুয়াডাঙ্গায় দেখার মতো যতগুলো ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করবো। সেগুলোর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিবো। এ জেলায় পর্যটকরা আসলে তারা এ জেলা সম্পর্কে সুন্দর একটি ধারণা হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তিথি মিত্র।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও জেলাটির পর্যটন স্পটগুলোকে পরিচিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।