উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে যথাযথ আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন। একই সঙ্গে সিংগাইর উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। সিংগাইর হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি তাদের জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হবে।
তারা আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শিশু-কিশোর ও তরুণদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।