উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত ১৬ বছরের বেশি সময়ে সংঘটিত গুম, খুন ও সব অন্যায়-অবিচারের বিচার করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে এবং সাত শর বেশি সহযোদ্ধাকে গুম করা হয়েছে। এছাড়া ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছিল, যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা ছোট বারান্দার অর্থাৎ জজ সাহেবদের সঙ্গে লেনদেনের মানসিকতা ত্যাগ করে মেধা ও প্রজ্ঞার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করবেন। আদালতের সামনে ক্ষমতার দম্ভ বা দলীয় আধিপত্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে মূল লক্ষ্য।
আইনজীবীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, প্রতিটি কোম্পানিতে একজন করে আইনজীবী রাখা বাধ্যতামূলক করতে আইন সংশোধনের আলোচনা চলছে। এছাড়া আইনজীবীদের প্রশিক্ষণের জন্য এ বছর মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।