উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নগর উন্নয়ন, পরিবেশ ব্যবস্থাপনা ও শিল্পের আধুনিকায়নে তুরস্কের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তুরস্ক সফরকালে দেশটির বিভিন্ন শিল্পাঞ্চল ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করে এই আগ্রহের কথা জানান।
গত ৪ নভেম্বর ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির বর্জ্য দহন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। দৈনিক ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষমতার এই কেন্দ্রটি থেকে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বাংলাদেশের শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে এ ধরনের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা রয়েছে।
একই দিন তুজলায় ইস্তাম্বুল লেদার অর্গানাইজড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে পরিকল্পিত শিল্পাঞ্চল এবং কেন্দ্রীয় বর্জ্য শোধন ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। বাংলাদেশের চামড়া শিল্পনগরীগুলোর আধুনিকায়ন ও পরিবেশগত মান উন্নয়নে তুরস্কের এই মডেল সহায়ক হতে পারে।
সফরের দ্বিতীয় দিন ৫ নভেম্বর শিলেতে এনারগ্রম থার্মাল ডিসপোজাল ফ্যাসিলিটি ঘুরে দেখেন শিল্পমন্ত্রী। কেন্দ্রটিতে বার্ষিক ৩৩ হাজার টন বিপজ্জনক শিল্পবর্জ্য শোধন করে ৫ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের রফতানি সক্ষমতা বাড়বে। উপযুক্ত বর্জ্য শোধন ও জ্বালানি পুনরুদ্ধার প্রযুক্তি গ্রহণ করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও সম্পূরক ভূমিকা রাখা সম্ভব হবে।