উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাংক অনেকেরই ভরসা। তবে কম দাম বা বেশি এমএএইচ দেখে নিম্নমানের পাওয়ার ব্যাংক কিনলে বড় বিপদে পড়তে পারেন। এতে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের মতে, সস্তা পাওয়ার ব্যাংকে ভোল্টেজ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জ প্রতিরোধ এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষার মতো নিরাপত্তাব্যবস্থা থাকে না। ফলে নিয়মিত ব্যবহারে ফোনের ব্যাটারির আয়ু দ্রুত কমে যেতে পারে। এছাড়া নিম্নমানের সার্কিট বা নিরোধকের কারণে পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে আগুন লাগা বা বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।
ভালো পাওয়ার ব্যাংক কেনার সময় নির্ভরযোগ্য ব্র্যান্ডের দিকে নজর দিন। শুধু এমএএইচ নয়, ডিভাইসের ওয়াট এবং আপনার ফোনের চার্জিং সক্ষমতার সাথে তার সামঞ্জস্য যাচাই করুন। সেই সাথে ইউএসবি-সি পোর্ট এবং পাওয়ার ডেলিভারি বা কুইক চার্জের মতো আধুনিক প্রযুক্তি আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।