উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করাই বাংলা কিউআর সেবা সম্প্রসারণের লক্ষ্য। বাসস জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন এখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন হতো, যা বর্তমানে বেড়ে চার গুণে উন্নীত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এই সেবা সম্প্রসারণ করছে। সেবার মান উন্নত করার লক্ষ্যে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি জানান, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা এক্ষেত্রে একটি বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং এমএফএস প্রদানকারীদের সমন্বিত উদ্যোগের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় অনেক কমবে। পাশাপাশি এর মাধ্যমে দেশের আর্থিক খাতের লেনদেনে স্বচ্ছতা আরও বহুগুণ বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।