উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন ও পানবরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পানচাষীর মাঝে সরকারি খাদ্যসহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানচাষী ও তাদের পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষতিগ্রস্ত পানচাষীর প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বাহাদুরপুর ইউনিয়নের ২৮৮ জন পানচাষীর মাঝে চাল বিতরণ করা হচ্ছে এবং বাকি সুবিধাভোগীদেরও পর্যায়ক্রমে এ খাদ্যসহায়তা দেওয়া হবে। সম্প্রতি পদ্মা নদীর ভাঙন ও অগ্নিকাণ্ডে পানের বরজ পুড়ে যাওয়ায় অনেক চাষী তাদের আয়ের প্রধান উৎস হারিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, ক্ষতিগ্রস্ত পানচাষীদের জন্য খাদ্যসহায়তার পাশাপাশি ভবিষ্যতে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হলে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পানচাষী ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রত্যাশা করছেন যে, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।