উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। সভায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলা সম্ভব।