উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীতে একটি পর্নোগ্রাফি মামলার বাদী ও শিক্ষক মামুন অর রশিদকে অপহরণের পর মারধর ও জিম্মি করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
ভুক্তভোগী শিক্ষক মামুন অর রশিদ জানান, অপহরণকারীরা তাকে প্রায় দেড় ঘণ্টা জিম্মি রেখে দুটি লিখিত ও একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক ও সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মইন উদ্দিনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
শিক্ষক মামুন অর রশিদের দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় (জিআর ২১০/২০২৪) আসামিরা জেল খেটে জামিনে বেরিয়ে আসার পর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও তাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী শিক্ষকের অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।