উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সিজন-চারের প্রথম সেমিফাইনাল। শুক্রবার ৩০ অক্টোবর নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে এ হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজন করে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।
প্রতিপক্ষ BCSP সদরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দুর্দান্ত গোলের দৃশ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে জয় নিশ্চিত করে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি। দলটির হয়ে দুটি গোল করে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চিশতিয়া। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির কর্ণধার মো. হানিফ মণ্ডল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।