উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার শিবগঞ্জে আন্তঃজেলা ট্রাক ড্রাইভার সমবায় সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জনাব খালিদ হাসান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম ভাজুল ইসলাম। খেলার অন্যতম আকর্ষণ ছিল ব্যতিক্রমী পুরস্কার বিতরণ, যেখানে বিজয়ী দলের সদস্যদের মাঝে ছাগল এবং পরাজিত দলের সদস্যদের মাঝে রাজহাঁস উপহার দেওয়া হয়।
এমন ব্যতিক্রমী পুরস্কার আয়োজনকে ঘিরে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজক সূত্রে জানা যায়, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।