উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান এ প্রতিপাদ্যে নাটোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নাটোর জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর দেশে অন্তত ১০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ চাহিদা পূরণ হয়। এছাড়া দেশে কর্নিয়াজনিত অন্ধ মানুষের সংখ্যা ৫ লাখ এবং এসব মানুষের মধ্যে বেশিরভাগ ১৫ বছরের কম বয়সী। তাই মৃত্যুর পরে কর্নিয়া দান করা হলে অন্ধ শিশুর চোখের আলো জ্বলবে এবং সে পৃথিবী দেখতে পাবে।
সামাজিক এই কাজে সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা রক্ত ও মরণোত্তর কর্নিয়া দানের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনটি উপলক্ষে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।