উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সামিটের বিস্তারিত বিষয় তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা: সাহিদুজ্জামান টরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম এইচ চৌধুরী।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা এই সামিটে অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
সম্মেলনে বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে আসন্ন এই সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসীদের সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এনআরবি ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন প্রবাসী বাংলাদেশীদের দক্ষতা, অভিজ্ঞতা, মেধা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।