উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পণ্যের বহুমুখীকরণ ও ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি ও ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ কোটি ডলার। তবে বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ২০০ কোটি ডলার বা তার বেশি করা সম্ভব। এটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি দুই দেশের জনগণের সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা ও অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কামাল পাশা’ কবিতার কথা স্মরণ করে বলেন, এই কবিতা তুরস্কের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা ও অনুরাগের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে তুর্কি ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সরাসরি বিমান চলাচল দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি আরও জানান, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কে অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত জানান, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি ঢাকায় যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনার সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে তুরস্কের প্রতিষ্ঠাতা গাজী মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়।