উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশে দলটির নেতারা বলেন, রাজধানীর সাধারণ মানুষ গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে দুর্বিষহ জীবনযাপন করছেন। নগরবাসীকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে গণঅভ্যুত্থানের দুই কান্ডারিকে ঢাকাবাসীর সামনে তুলে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি।