উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে প্রাণহানি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪০৯ জন। বিভাগভিত্তিক মোট মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৬ জন প্রাণ হারিয়েছেন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৮২ জন রোগীর মধ্যে সর্বাধিক ৮১৬ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার রাখার ওপর আবারও জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।
খুলনা বিভাগে এ পর্যন্ত ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন এবং রাজশাহী বিভাগে ২৮ জন মারা গেছেন। এছাড়া রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।