উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করতে ২০২৭ সালে ঢাকায় বৃহৎ বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন (বিবিসিসি)। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ক্রয়ক্ষমতা বাড়াতে পারচেসিং কনসোর্টিয়াম গঠনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে বিবিসিসি।
রোববার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে বিবিসিসি ও হোপস ফাউন্ডেশন (বাংলাদেশ)-এর যৌথ আয়োজনে ‘অ্যান ইভনিং উইথ হোপস ফাউন্ডেশন—বিজনেস, ফিলানথ্রপি অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়।
ছোট ব্যবসায়ীদের সম্মিলিত শক্তি বাড়ানোর উদ্যোগ
বিবিসিসির সেক্রেটারি জেনারেল আব্দুল শুকুর খালিসাদার বলেন, পারচেসিং কনসোর্টিয়ামের মূল উদ্দেশ্য হলো ছোট ও স্বতন্ত্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্রয়চাহিদা একত্র করে তাদের সম্মিলিত ক্রয়ক্ষমতা বাড়ানো। এর ফলে প্রতিষ্ঠানগুলো বড় উৎপাদক, পাইকারি বিক্রেতা ও সরবরাহকারীদের কাছ থেকে প্রতিযোগিতামূলক দামে পণ্য কেনার পাশাপাশি আরও অনুকূল বাণিজ্যিক শর্ত নিয়ে আলোচনা করতে পারবে।
তিনি বলেন, খুচরা ব্যবসা, আতিথেয়তা, খাদ্য বিতরণসহ বিভিন্ন খাতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান ব্যয় ও প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে সম্মিলিতভাবে পণ্য কেনার ব্যবস্থা তাদের ব্যয় কমানো এবং ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
খালিসাদারের ভাষ্য, এককভাবে অনেক ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করার মতো ক্রয়ক্ষমতা নেই। কিন্তু একাধিক প্রতিষ্ঠানের চাহিদা একত্র হলে তা উল্লেখযোগ্য বাণিজ্যিক শক্তিতে পরিণত হতে পারে। বিবিসিসি এই সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে চায়।
বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন বাজারের সম্ভাবনা
অনুষ্ঠানের প্রধান অতিথি হোপস ফাউন্ডেশন (বাংলাদেশ)-এর প্রেসিডেন্ট এনায়েতউদ্দিন খান কায়সায় বলেন, বাংলাদেশি ও ব্রিটিশ-বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ তৈরিতে কাজ করবে হোপস ফাউন্ডেশন। বাংলাদেশে সংস্থাটি যুব ও নারী উদ্যোক্তাদের সহায়তা করে।
তিনি বলেন, যুক্তরাজ্যের রেস্তোরাঁ ও সেবা খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য সুপরিচিত। এর বাইরেও খুচরা ব্যবসাসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা রয়েছেন। তাঁদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা গেলে বাংলাদেশি উদ্যোক্তাদের যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণ এবং পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বাড়তে পারে।
এনায়েতউদ্দিন খান বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের প্রতিষ্ঠান সোনিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
ব্যবসা ও বিনিয়োগে সরাসরি অংশীদারত্ব
বিবিসিসির পরিকল্পনা অনুযায়ী, ব্রিটিশ-বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংযোগ তৈরি করা হবে। পাশাপাশি সরবরাহব্যবস্থায় অংশীদারত্ব, যৌথ উদ্যোগ এবং ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) বৈঠকের মাধ্যমে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হবে।
সংগঠনটি জানিয়েছে, যুক্তরাজ্য থেকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করা হবে। ২০২৭ সালের সামিটের পরও পরিকল্পিত ব্যবসায়িক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে বিবিসিসি।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ
লন্ডনের ওই অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, সমাজসেবী ও কমিউনিটি নেতারা অংশ নেন। বিবিসিসির সেক্রেটারি জেনারেল আব্দুল শুকুর খালিসাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান শিরাজ হক, হোপস ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. আফজাল হোসেইন, হোপস ফাউন্ডেশনের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান এবং নেক্সট স্টেজ ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ।
অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মধ্যে ছিলেন বিবিসিসির ট্রাস্টি শেলিনা আখতার, রাজনা আল ফারহাদি, তানিয়া চৌধুরী, জাসমিন রহমান, ফাতিমা খাতুন, আফিয়া শারমিন এবং এলবিটিএইচ টাউন সেন্টার ম্যানেজার ব্রিজেট গ্যালোওয়ে।
আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে সমন্বিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
বিবিসিসির এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মুক্ত করা। ২০২৭ সালের ঢাকার বিজনেস সামিট ও পারচেসিং কনসোর্টিয়ামের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হতে পারে।