উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের কাজ বন্ধ করে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে প্রকল্পটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির সঙ্গে পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদীর সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানের প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে গড়ে তোলা হচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট।
প্রকল্প এলাকার প্রায় ছয় একর জমি উন্নয়ন করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। সেখানে মসজিদ ও কনভেনশন হল নির্মাণের কাজও চলছিল।
জাতীয় সংসদ নির্বাচনের পর কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রকল্প এলাকায় গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
এ সময় কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, কুয়াকাটার জন্য একটি মাস্টারপ্ল্যান রয়েছে। সেখানে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। এর আগেও ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার বিভাগীয় কমিশনার কুয়াকাটা পরিদর্শন করে এ বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, এটি কার প্রতিষ্ঠান, তা প্রশাসনের নির্মাণকাজ বন্ধের সিদ্ধান্তের মূল বিষয় নয়। তবে শুনেছি, প্রতিষ্ঠানটির সঙ্গে পিরোজপুরের সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি।
প্রকল্পের স্থানীয় প্রতিনিধি মনির মুসুল্লি এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা জানান। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; কলাপাড়ায় ছিলেন।
এদিকে প্রতিষ্ঠানটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা এবং নির্মাণকাজ বন্ধের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।