উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া ‘আপত্তিকর’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ডিআরইউ।
সোমবার সন্ধ্যায় ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’
আইজিপির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেওয়া অগ্রহণযোগ্য।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, কোনো পুলিশ সদস্যের কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ঢালাও নেতিবাচক মন্তব্যের মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক বিবৃতিতে আইজিপির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রশ্নে আইজিপির বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক সংগঠনগুলোর এই প্রতিবাদ ও আলটিমেটাম নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।