উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার ২৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতির এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক নতুন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন এবং সিলেটে ১৫৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে এবং ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।