উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চার সন্তানের ভবিষ্যৎ গড়তে স্বামীর বসতঘর বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে প্রায় ১০ বছর কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন-পালন করেছেন, গড়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎ। বড় ছেলের রয়েছে ঢাকার উত্তরায় ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানা। ছোট ছেলেও কাজ করেন ঢাকায়। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো পাত্রের সঙ্গে।
অথচ জীবনের শেষ অধ্যায়ে এসে সেই মা তাহমিনা বেগমের ঠিকানা হয়েছিল বরিশালের বাবুগঞ্জে একটি ভাড়া বাসা। সেখানেই একা থাকতেন ৬৫ বছর বয়সী এই নারী। সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবনের বড় একটি সময় ব্যয় করা মায়ের নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি সামনে এসেছে তার পচনধরা মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার লড়াই
তাহমিনা বেগম বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। স্থানীয় ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান তিনি। তখন তার চার সন্তান ছিল। স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বসতঘর বিক্রি করে সৌদি আরবে চলে যান তাহমিনা।
সেখানে প্রায় ১০ বছর কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লালন-পালন ও প্রতিষ্ঠিত করেন। বড় ছেলে সুমন ঢাকার উত্তরায় বসবাস করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে তার ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানা রয়েছে। ছোট ছেলে আওলাদও ঢাকায় কাজ করেন। দুই মেয়ে হিরা ও মুক্তাকে বিয়ে দিয়েছেন।
সন্তানদের ভবিষ্যৎ গড়তে দীর্ঘদিন সংগ্রাম করা এই নারী জীবনের শেষ দিকে এসে কেন বাবুগঞ্জে একা থাকছিলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পারিবারিক সম্পর্ক বা সন্তানদের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য পাওয়া যায়নি।
তিন মাস ধরে ভাড়া বাসায় একা
বাড়ির মালিক আব্দুর বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনা বেগমকে ওই বাসায় ভাড়া রাখেন তার বড় ভাই রমিজ। এরপর থেকে তিনি সেখানে একাই বসবাস করছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন।
গত দুই দিন তাকে বাইরে দেখা যায়নি। শনিবার বিকেল থেকে বাসার আশপাশে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। প্রথমে বাড়ির মালিক ধারণা করেছিলেন, পাশের কোনো কক্ষে ইঁদুর মারা যাওয়ায় এমন দুর্গন্ধ হচ্ছে।
রোববার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাহমিনা বেগমের কক্ষ থেকেই গন্ধ আসার বিষয়টি বুঝতে পারেন তিনি। পরে তার বড় ভাইকে খবর দেওয়া হয়। তিনি বাসায় এসে কক্ষের দরজা কিছুটা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে বোনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অসুস্থ ছিলেন, ঠিকমতো খেতেন না
প্রতিবেশী শাহানা বেগম জানান, প্রায় তিন মাস আগে তাহমিনা বেগম ওই বাসায় আসেন। এর আগে তিনি কয়েকবার স্ট্রোক করেছিলেন বলে শুনেছেন তারা। তার পা প্রায়ই ফুলে থাকত। হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঠিকমতো খাওয়াদাওয়াও করতেন না। দিনের বেশির ভাগ সময় বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন।
প্রতিবেশী আব্দুর রহিম হাওলাদার জানান, রাতে তাহমিনা বেগমের ছেলে মায়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ছোট মামার সঙ্গে যোগাযোগ করেন। তিনিও বোনের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি। পরদিন সকালে বড় ভাই বাসায় এসে বোনের মরদেহ দেখতে পান।
মৃত্যুর কারণ নিয়ে অপেক্ষা
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের বড় ভাই সকালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তাহমিনা বেগমের ছেলে-মেয়েরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া এবং তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বাধার মুখে পড়তে হয়।
চার সন্তানকে প্রতিষ্ঠিত করতে জীবনের দীর্ঘ সময় সংগ্রাম করেছেন তাহমিনা বেগম। কিন্তু জীবনের শেষ সময়ে তার পাশে কে ছিলেন, অসুস্থ অবস্থায় কীভাবে দিন কাটছিল এবং মৃত্যুর আগে তিনি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তেই পরিষ্কার হতে পারে তার মৃত্যুর প্রকৃত কারণ।