উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।