উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ২৩ অক্টোবর বেলা ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শাকিল আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাজহারুল ইসলাম। তবে তাঁকে ঠিক কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী তথ্য পেলে জানানো হবে বলে জানানো হয়েছে।
এদিকে শাকিল আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন, সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি সমেজ উদ্দিন এবং ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খান পৃথক পোস্টে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।